নরসিংদী প্রতিনিধি
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ শ্রমিক। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ডসংলগ্ন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে এ অবরোধ চলে। কয়েকটি টেক্সটাইল মিলের শ্রমিকেরা এতে অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, মাধবদীর বিভিন্ন শিল্পকারখানা ও আশপাশের এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটছে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা বিদ্যুৎ কার্যালয় ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার যানবাহনও আটকা পড়ে।
খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে যান। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
পরে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মহসিন কবির শ্রমিকদের আশ্বস্ত করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তাঁর আশ্বাসের পর শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যানজট বাড়তে থাকে। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং নিয়ে গ্রাহকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের ঘাটতি ও সরবরাহের অনিয়ম নিয়ে বিভিন্ন এলাকায় অসন্তোষের খবরও এসেছে।
✍️ মন্তব্য লিখুন