নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, বাস টার্মিনাল স্থানান্তর ও সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয়েছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
## টোল প্লাজায় আসছে ইটিসি
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে টোল আদায়কে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।
এ জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
## যাত্রাবাড়ী–গুলিস্তান এলাকায় নতুন উদ্যোগ
যাত্রাবাড়ী–গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে।
## ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি হওয়ায় এর আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বাস টার্মিনাল স্থানান্তর করা গেলে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তজেলা বাস ও অন্যান্য যানবাহনের চাপ কমতে পারে।
## সম্প্রসারণ হবে গাবতলী টার্মিনাল
যানবাহন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
## সচিবালয় এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা
সচিবালয়ের আশপাশের যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প পার্কিংয়ের জায়গাও খুঁজতে বলা হয়েছে।
সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ নিয়ন্ত্রণ করে আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
## অটোরিকশার জন্য পৃথক নীতিমালা
ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
রাজধানীর যানজট সমস্যা নিরসনে সরকার এর আগেও একাধিক উদ্যোগ নিয়েছে। চলতি বছরের জুনে ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল এবং জুলাইয়ে আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্তগুলো সেই উদ্যোগগুলোর ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন