রংপুর প্রতিনিধি
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে—এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক ও জেলা কালচারাল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ বলেন, বর্তমান বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক হবে না। তাঁর ভাষ্য, মানুষের দুর্ভোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেও দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে এক ভিডিও বার্তায় জাহেদ উর রহমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে দীর্ঘদিনের নীতি ও সিদ্ধান্তের প্রভাবের কথা তুলে ধরেছিলেন। তাঁর দাবি, দেশের জ্বালানি খাত ধীরে ধীরে আমদানিনির্ভর হয়ে পড়ায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিলে তার প্রভাব বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে পড়ছে।
তিনি আরও বলেছিলেন, জুলাইয়ে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এতে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়।
জাহেদ উর রহমানের মতে, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। তিনি জানিয়েছিলেন, সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সুফল পেতে কয়েক বছর সময় লাগতে পারে।
এদিকে সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে জনভোগান্তি এবং সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে সরকারের দায় নিয়ে উপদেষ্টার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন