সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বহুতল বাণিজ্যিক ভবনের কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে চিহ্নিত সন্ত্রাসী ‘শ্যুটার বাপ্পী’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানে জিম্মি নারী কেয়ারটেকারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও গুলিবিনিময়ের সুযোগে বাপ্পী ও তার সহযোগীরা পালিয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাপ্পী ও তার সহযোগীরা ভবনের কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার এড়াতে শ্যুটার বাপ্পী জিম্মি নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কৌশলে জিম্মিকে ছেড়ে দিয়ে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ওই নারীকে নিরাপদে উদ্ধার করে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম জানান, শ্যুটার বাপ্পী একাধিক মামলার আসামি এবং এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। এ ঘটনায় জড়িতদের পরিচয় পুলিশের কাছে রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন