পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলার একটি মসজিদে জুমার নামাজে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি করা নিয়ে বিএনপির সমর্থকদের সঙ্গে জামায়াতের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের আগে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মসজিদে উপস্থিত হয়ে ইমামতি করার প্রস্তুতি নেন। এ সময় উপস্থিত বিএনপির সমর্থকদের একটি অংশ এতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, তিনি কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সেখানে যাননি। স্থানীয় মুসল্লিদের অনুরোধেই তিনি মসজিদে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, খুতবার সময় বিএনপির সমর্থকেরা অযথা বাধা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব প্রদর্শনের উদ্দেশ্যেই সংসদ সদস্য ইমামতি করতে চেয়েছিলেন। এ কারণেই মুসল্লিদের মধ্যে আপত্তি তৈরি হয় এবং পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সম্ভাব্য উত্তেজনার তথ্য আগে থেকেই পুলিশের কাছে ছিল। সে কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। হাতাহাতির পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মারাত্মক কোনো আহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
✍️ মন্তব্য লিখুন