নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ দায়িত্ব গ্রহণের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ফুলের তোড়া দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংসদের কার্যক্রম পরিচালনার স্বার্থে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। এ প্রেক্ষাপটেই তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সংসদীয় কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
✍️ মন্তব্য লিখুন