ঢাকায় অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অর্থনীতির পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে। তাঁর মতে, ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। পাশাপাশি দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও আর্থিক অনিয়ম অর্থনীতিকে চাপে ফেলেছে। তবে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতকে গতিশীল করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
✍️ মন্তব্য লিখুন