কুমিল্লা প্রতিনিধি
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় কুমিল্লার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নৌকার আশ্রয় নিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরীক্ষাকেন্দ্রও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি কুমিল্লা নগরের শতবর্ষী ঈশ্বর পাঠশালা (উচ্চবিদ্যালয়) কেন্দ্রের। ভারী বৃষ্টিতে বিদ্যালয়ের পুরোনো ভবন ও আঙিনা পানিতে তলিয়ে যায়। অনেক পরীক্ষার্থীকে কোমরসমান পানি পেরিয়ে, কেউ আবার নৌকায় করে কেন্দ্রে পৌঁছাতে হয়। পরীক্ষার সময়ও কয়েকটি কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা বেঞ্চে পা তুলে বা পানিতে পা রেখেই পরীক্ষা দিতে বাধ্য হয়। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসককে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর প্রশাসন বিদ্যালয় এলাকা পরিদর্শন করে এবং জলাবদ্ধতা নিরসনে জরুরি উদ্যোগ নেয়। রাতভর খাল পরিষ্কারসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় পরদিন বিদ্যালয় প্রাঙ্গণের পানি অনেকটাই নেমে যায়।
পরে কুমিল্লা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে সিদ্ধান্ত নেন, পুরোনো ভবনে আর পরীক্ষা নেওয়া হবে না। সেখানে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অবশিষ্ট সব পরীক্ষা বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের কক্ষে অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পুরোনো ভবনে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যা রয়েছে। ভবনসংকটের কারণে এত দিন সেখানে পরীক্ষা নিতে হলেও সাম্প্রতিক ঘটনার পর নতুন ভবনে কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে নতুন অবকাঠামো নির্মাণ ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তিনি।
স্থানীয় প্রশাসনের ভাষ্য, নগরের পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে খাল পরিষ্কার এবং প্রতিবন্ধকতা অপসারণের কাজ অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
✍️ মন্তব্য লিখুন