রাজশাহী, ৯ এপ্রিল ২০২৬: বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক নিয়োগে দাখিল ও আলিম বাধ্যতামূলক করার শর্ত বাতিলের দাবিতে আবারও মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, এনটিআরসিএ (NTRCA) সম্প্রতি প্রণীত নীতিমালার মাধ্যমে আরবি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রভাষক পদে আবেদন করার সুযোগ সংকুচিত করেছে।
আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, “আমরা পাঁচ বছর অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পরও কেন প্রভাষক পদে আবেদন করতে পারব না? ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আরবি বিভাগে আবেদন করতে পারলেও আমাদের জন্য একই সুযোগ নেই—এটি স্পষ্ট বৈষম্য।”
আরেক শিক্ষার্থী হানজালা অভিযোগ করেন, নতুন নীতিমালায় দাখিল ও আলিম সনদ বাধ্যতামূলক করায় অনেক যোগ্য শিক্ষার্থী আবেদন থেকে বঞ্চিত হচ্ছেন। “আগে শুধুমাত্র আরবিতে অনার্স থাকলেই আবেদন করা যেত, কিন্তু এখন অতিরিক্ত শর্ত আরোপ করে সুযোগ সীমিত করা হয়েছে,” বলেন তিনি।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, আরবি বিভাগে প্রভাষক নিয়োগের ক্ষেত্রে একমাত্র যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিকে বিবেচনা করতে হবে। পাশাপাশি ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের মধ্যে নিয়োগে সমতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আরবি বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, “বর্তমান নীতিমালা সংশোধন করে পূর্বের মতো আরবি বিভাগের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মাদ্রাসার বিভিন্ন স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করতে হবে।
উল্লেখ্য, একই দাবিতে গত ৩ ফেব্রুয়ারিও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। শিক্ষার্থীরা আশা করছেন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে।
✍️ মন্তব্য লিখুন