ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১:৪৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর রাতে এক ব্যক্তির রোড ডিভাইডারে নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে ধারণ করা এই ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন সাদা পোশাকধারী ব্যক্তি রাস্তার মাঝের ডিভাইডারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। খবরের অনুসন্ধানে জানা যায়, ওই ব্যক্তি খোরশেদুল ইসলাম। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানের জনক, কোনো ছেলে সন্তান নেই।
খোরশেদুল ইসলাম জানিয়েছেন, তার ছোট মেয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন এবং সন্তানসম্ভবা ছিলেন। তবে দুঃখজনকভাবে, ডেলিভারির সময় শিশুটি মারা যায়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নামাজ পড়ার বিষয়ে খোরশেদুল ইসলাম বলেন, “আমি আমার ছোট মেয়েকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) রেখে ক্যাম্পাসে এসেছি। আশপাশে কোনো নামাজের জায়গা না পেয়ে রোড ডিভাইডারেই নামাজ পড়ি।”
ঢাবি শিক্ষার্থী সৈয়দ আব্দুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এবং মোফাচ্ছের এইচ ইমরান (সমাজবিজ্ঞান বিভাগ) খোরশেদুল ইসলামের সঙ্গে কথা বলেন। খোরশেদুল ইসলাম জানান, এক সময় তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তা আর করেন না। তিনি বলেন, “ক্যাম্পাসে কেউ বিশেষভাবে কিছু বলে না। আমি অনেকক্ষণ ধরে নামাজের জায়গা খুঁজছিলাম, কিন্তু কোনো মসজিদ না পেয়ে শেষ পর্যন্ত ডিভাইডারেই নামাজ পড়ি।”
তিনি আরও জানান, বর্তমানে তিনি কোনো চাকরিতে নেই এবং পড়াশোনা শেষ করার পর কর্মজীবনে যুক্ত হননি। ক্যাম্পাসে আসার উদ্দেশ্য বিষয়ে তিনি বলেন, “আমি এখানে কিছুক্ষণ ঘুরে আবার হাসপাতালে চলে যাব।”
এই ঘটনা সামাজিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত রাজধানীর ব্যস্ত ক্যাম্পাসে এমন একটি দৃশ্য গভীর রাতেও নজর কেড়েছে।
✍️ মন্তব্য লিখুন