আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬
চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনায় আরও শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের শানঝি প্রদেশে অবস্থিত লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিটি পরিচালনা করে চীনের থংচৌ গ্রুপ। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা স্ট্রেচারে আহতদের বহন করছেন এবং খনির বাইরে সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১০০ জনেরও বেশি আহত শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও বহু শ্রমিকের খোঁজ চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট Xi Jinping আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট শি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী দেশ চীনে খনি দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত উৎপাদনের চাপ এবং গ্যাস জমে বিস্ফোরণের মতো ঘটনায় অতীতেও বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
✍️ মন্তব্য লিখুন