নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
বিদ্যুৎ ও গ্যাসের সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে সরকার স্থায়ী সমাধানের পরিকল্পনা করছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের সংকট। বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় শতভাগ বিদ্যুতায়নের দাবি করা হলেও বাস্তব পরিস্থিতির সঙ্গে সেই দাবির মিল ছিল না বলে মন্তব্য করেন তিনি।
মো. শরীফুল আলম বলেন, বিদ্যুৎ খাতের স্থায়ী সমাধানের পরিবর্তে অতীতে কুইক রেন্টালের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তাঁর ভাষ্য, বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার কার্যকর সমাধানে কাজ করছে।
মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের অর্জন নষ্ট করতে একটি মহল অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে স্বল্পমেয়াদি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার—এমন আশ্বাসই দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।
✍️ মন্তব্য লিখুন