নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছে না সরকার। তবে জাতীয় পর্যায়ে কোনো বিশেষ বা প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতি তৈরি হলে বিষয়টি বিবেচনা করা হতে পারে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং অনেক আগেই সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তাদের জানানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা সে অনুযায়ী পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। অন্যদিকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের প্রস্তুতি, শিক্ষাবর্ষের ধারাবাহিকতা এবং সামগ্রিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত সময় নিয়ে পাঠ্যসূচি শেষ ও পড়াশোনা পুনর্বিবেচনার সুযোগ পায়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
চীন সফরের প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ শিক্ষক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের কারিগরি শিক্ষার উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে তিনি জানান।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের পাবলিক পরীক্ষাগুলোকে একটি সুনির্দিষ্ট ও নিয়মিত সময়সূচির মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কোনো জাতীয় সংকট, বড় ধরনের দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হলে পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, রোজা-ঈদের প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী।
✍️ মন্তব্য লিখুন