ডেস্ক নিউজ
বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার পরিকল্পিতভাবে কাজ করতে চায়।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটিই তাঁর প্রথম জেলা সফর।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে যেসব পরিকল্পনা ও পদক্ষেপ কার্যকর হবে, সরকার সেগুলো বাস্তবায়ন করতে চায়। এর মাধ্যমে ধীরে ধীরে গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না; খালের পানি কৃষিকাজে সেচের পাশাপাশি মাছ উৎপাদনেও কাজে লাগাতে হবে। দেশের বিভিন্ন নদী ও বড় খালে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে কৃষকের সেচসুবিধা বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানুষের খাদ্যচাহিদা পূরণে সহায়তা করবে।
নারীর অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার করতে হবে। নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
এদিকে কিশোরগঞ্জ সফরের শুরুতে প্রধানমন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ে মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী, বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও সাফল্য তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ ও পর্যটন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন স্থানীয় দাবি নতুন করে আলোচনায় এসেছে।
সরকারের লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও জীবনমানের উন্নয়নকে কেন্দ্র করে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে।
✍️ মন্তব্য লিখুন