নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারের এ উদ্যোগে প্রাথমিকভাবে ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে আইবাস++ ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অবসরকালীন সুবিধার অর্থ পেতে শিক্ষকদের যেন আর অফিসে অফিসে ঘুরতে না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য অর্থ তাঁদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষক সমাজ নীতি, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে প্রজন্মকে গড়ে তোলেন। তাঁদের নিজেদের প্রাপ্য অর্থ পেতে ঘুষ দিতে বা বিভিন্ন দপ্তরে ঘুরতে হলে তা শুধু শিক্ষকদের হয়রানি নয়, জাতি হিসেবে দেশের জন্যও দীনতার প্রকাশ।
এর আগে ১৪ আগস্ট শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার ফলে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
✍️ মন্তব্য লিখুন