পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার একটি মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি পড়তে থাকায় ছাতা মাথায় দিয়েই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, রোববার অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ছাদের বিভিন্ন অংশ দিয়ে টপটপ করে পানি পড়ছে। খাতা ভিজে যাওয়া থেকে রক্ষা করতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে অন্য হাতে উত্তরপত্র লিখে পরীক্ষা শেষ করেন।
স্থানীয়দের ভাষ্য, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির পুরোনো ভবন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা এলেই শ্রেণিকক্ষের ছাদ দিয়ে পানি পড়ে, ফলে নিয়মিত পাঠদান ও পরীক্ষা গ্রহণে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ বলেন, যে কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে সেটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি শ্রেণিকক্ষ। ভারী বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। তবে নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সেটি ব্যবহারের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুরোনো ভবনের সংস্কার এবং নির্মাণাধীন নতুন ভবনের কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন