আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থী, পর্যটক কিংবা অস্থায়ী কর্মভিসাধারীদের অধিকাংশকেই গ্রিন কার্ডের আবেদন করতে নিজ দেশে ফিরে যেতে হবে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (USCIS) জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই “অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস” বা ভিসার ধরন পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ কেবল “ব্যতিক্রমী পরিস্থিতিতে” দেওয়া হবে। সাধারণভাবে আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
U.S. Citizenship and Immigration Services–এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে “মূল আইনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ” করা হচ্ছে। প্রশাসনের দাবি, অস্থায়ী ভিসা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থেকে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়।
নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শিক্ষার্থী, প্রযুক্তিখাতের কর্মী এবং পরিবারভিত্তিক অভিবাসনপ্রত্যাশীদের ওপর। কারণ আগে অনেক আবেদনকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন। এখন তাদের আবেদন প্রক্রিয়ার সময় নিজ দেশে অপেক্ষা করতে হতে পারে।
অভিবাসন আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো এ নীতির সমালোচনা করেছে। তাদের মতে, এতে পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে এবং বহু দক্ষ কর্মী যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হতে পারেন। বিশেষ করে যাদের চাকরি, পড়াশোনা বা পরিবার যুক্তরাষ্ট্রকেন্দ্রিক, তাদের জন্য এটি বড় অনিশ্চয়তা তৈরি করবে।
তবে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, জাতীয় স্বার্থ বা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হতে পারে। যদিও সেই ব্যতিক্রম কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।
✍️ মন্তব্য লিখুন