
প্রকাশ: ১৯ মে ২০২৬
ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিতে হবে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন প্রকাশ করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না। তবে কারও কাছে যদি সক্রিয় পাসপোর্ট থেকে থাকে, তাহলে সেই পাসপোর্টের নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ পূর্ণাঙ্গ তথ্য নাগরিকত্ব আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
এছাড়া ভারতীয় নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে ওই পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আবেদনকারীকে কার্যত নিজ দেশের পাসপোর্ট ত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক অঙ্গীকার করতে হবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির Citizenship Rules, 2009-এ সংশোধনী এনে এই নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও কঠোর ও নথিভিত্তিক করার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
ভারতে নাগরিকত্ব আইন ও সংশোধনী নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে ভারত সরকার গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই বিধান সেই নীতিরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন