নেত্রকোনার মদন উপজেলার সঙ্গে এবার যুক্ত হলো আন্তর্জাতিক অঙ্গনের নতুন এক অর্জনের গল্প। উপজেলার পুত্রবধূ শামীমা নাসরিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নিউহাম বরোর লিটল ইলফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিজয় অর্জন করেন।
তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোনার হাওরাঞ্চলে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা এটিকে শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেও দেখছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা নাসরিনের জন্ম টাঙ্গাইল শহরের আদালতপাড়ায়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) এবং মোর্শেদা খানম শাহিনের একমাত্র কন্যা। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়া এলাকায়।
২০২৪ সালে তিনি নেত্রকোনার মদন পৌরসভার পূর্বপাড়ার বাসিন্দা গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
স্বজনরা জানান, কমিউনিটি উন্নয়ন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্থানীয় নাগরিক সুবিধা নিয়ে দীর্ঘদিন কাজ করায় লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়। নির্বাচনে সেই জনপ্রিয়তার প্রতিফলন দেখা গেছে।
শামীমার স্বজন আরাফাত খান ডিউ বলেন, “তিনি আমাদের পরিবারের গর্ব। লন্ডনের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে কাউন্সিলর নির্বাচিত হওয়া আমাদের এলাকার জন্যও বড় সম্মানের বিষয়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিশেষ করে লন্ডনের বিভিন্ন বরোতে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। শামীমা নাসরিনের বিজয় সেই ধারাবাহিকতার নতুন সংযোজন।
স্থানীয় বাসিন্দাদের আশা, প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং নতুন প্রজন্মের নারীদের নেতৃত্বে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবেন।
✍️ মন্তব্য লিখুন