ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পাঁচ বছর মেয়াদি কর্মসূচি—‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের দক্ষতা ও শিক্ষার মান বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাকি শিক্ষকদেরও ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হবে, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। তিনি জানান, সুনীল অর্থনীতি বিকাশে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ খাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এদিকে সম্পূরক প্রশ্নে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে গাইডলাইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এসব প্রতিষ্ঠান বেসরকারি, তাই নিয়োগ নীতিমালা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এলে সরকার তা বিবেচনা করবে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, নতুন এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।
✍️ মন্তব্য লিখুন