ঢাকা, ৮ মার্চ ২০২৬
বাংলাদেশে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর সুযোগ তৈরি করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৮ মার্চ) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং–এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই শিক্ষা ও উন্নয়ন খাতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কানাডা শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। বর্তমান সময়ে দেশে মানসম্মত উচ্চশিক্ষার চাহিদা বাড়তে থাকায় দুই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, সরকার বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের কাঠামো পর্যালোচনা করছে। এর মাধ্যমে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ে সহায়ক আন্তর্জাতিক অংশীদারিত্বকে বাংলাদেশ স্বাগত জানায়। বিশেষ করে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থার উন্নয়নও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কানাডিয়ান প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বিশ্বব্যাংক–এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের টিভিইটি ব্যবস্থা শক্তিশালী করতে কানাডা ইতোমধ্যে সহযোগিতা দিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর সুযোগ সৃষ্টি হলে দেশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার বিস্তার ঘটবে এবং শিক্ষার্থীদের বিদেশে না গিয়েও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে।
✍️ মন্তব্য লিখুন