ঢাকা, ৬ মার্চ ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতে দুই দিনের নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (৬ মার্চ) থেকে রাজধানীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এ শুরু হওয়া এই কর্মশালা আগামীকাল ৭ মার্চ পর্যন্ত চলবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও নীতি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সংসদ পরিচালনার নিয়ম-কানুন, বিল ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া, সংসদের স্থায়ী কমিটির কার্যক্রম এবং মন্ত্রণালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব ও রেওয়াজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা বিভিন্ন সেশনে বক্তব্য দেবেন। তাদের মাধ্যমে নতুন এমপিদের প্রশাসনিক দক্ষতা, নীতি বাস্তবায়ন কৌশল এবং দায়িত্বশীল নেতৃত্বের বিষয়ে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণসূচি অনুযায়ী, প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এ সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন।
দ্বিতীয় দিন ৭ মার্চ সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা প্রশিক্ষণে অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এমপিরা উপস্থিত থাকবেন।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, প্রশিক্ষণে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা, নীতিমালার কার্যকর প্রয়োগ, মন্ত্রণালয়ের তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকরণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিভিন্ন কৌশল তুলে ধরা হবে।
উল্লেখ্য, দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন