ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও একটি হুমকিমূলক চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার একটি হোমিও চিকিৎসালয়ের ঠিকানায় এসএ পরিবহনের মাধ্যমে একটি পার্সেল পাঠানো হয়। প্রতিষ্ঠানটি নির্বাহী কর্মকর্তার স্ত্রীর মালিকানাধীন। পার্সেলের প্রেরক হিসেবে আশুগঞ্জের একটি নাম ও একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়। প্রাপক হিসেবে দেওয়া হয় মো. ফারুকের নাম ও ব্যক্তিগত মোবাইল নম্বর।
দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ওই দিন পার্সেলটি গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তার ছেলে। পরে বাসায় নিয়ে পার্সেল খুলে দেখা যায়, ভেতরে রয়েছে এক গজ সাদা কাফনের কাপড়, একটি গোলাপ জল, একটি আগরবাতি এবং একটি হাতে লেখা চিরকুট। চিরকুটে লেখা ছিল, “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।”
ঘটনার বিষয়ে মো. ফারুক বলেন, তিনি দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত আবদারে প্রশ্রয় দেননি। তার ধারণা, দায়িত্ব পালনে কঠোর অবস্থানের কারণেই কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে। তিনি বলেন, এ ঘটনায় তার পরিবারও চরম মানসিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, হুমকির ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে। পার্সেলের প্রেরক, ব্যবহৃত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন