খুলনা প্রতিনিধি
টানা বর্ষণ ও জোয়ারের পানির চাপের কারণে খুলনার দিঘলিয়া উপজেলার আতাই নদীর মোমিনপুর অংশের বাঁধ এখন ভাঙনের মুখে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধটি ভেঙে গেলে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হবে এবং শত শত বসতঘর, মাছের ঘের ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় কামারগাতি থেকে পথের বাজার পর্যন্ত যে সড়ক দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করত, নদীভাঙনে তার বড় অংশ বিলীন হয়ে বর্তমানে অস্থায়ী বেড়িবাঁধে পরিণত হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জোয়ারের পানির চাপে বাঁধটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ, মাটি ও বালুর বস্তা ব্যবহার করে জরুরি সংস্কারের কাজ করেছেন। তবে তাঁদের দাবি, এটি সাময়িক সমাধান মাত্র। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে প্রতিবছর সরকারি অর্থ ব্যয় হলেও কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর একই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে এবং জনদুর্ভোগ বাড়ছে।
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ এখনও কাটেনি।
✍️ মন্তব্য লিখুন