নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদক ও প্রায় সোয়া কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি ও সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্যমতে, অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, প্রায় ২৫০ কেজি গাঁজা এবং ৪৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।
অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনী ও সাবানসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি প্রাইভেটকার, নোয়া মাইক্রোবাস, মোটরসাইকেল, চোরাই অটোরিকশা এবং দুটি বুলেটপ্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, র্যাব, এপিবিএন ও আরআরএফের সহযোগিতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলেও যৌথ নৌ-অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপুল পরিমাণ গাঁজা, অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এদিকে অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন চেকপোস্টে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সপ্তাহব্যাপী অভিযানে আদালতের ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং নতুন করে ৮৮টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোরভাবে কাজ করবে।
✍️ মন্তব্য লিখুন