নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বটতলা এলাকায় একটি ‘জুলাই প্রদর্শনী’ আয়োজন করে। কর্মসূচিতে অংশ নিয়ে ব্যারিস্টার আরমান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় তাঁর হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
ঘটনার পর ব্যারিস্টার আরমান রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন উদ্ধারে তদন্ত শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লাইভ সম্প্রচারের একপর্যায়ে হঠাৎ ফোনটি তাঁর হাতছাড়া হয়ে যায় এবং পরে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। মোবাইল ফোনটি উদ্ধারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
✍️ মন্তব্য লিখুন