গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় কারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কারা সূত্র জানায়, পলাতক বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তাঁর বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিয়মিত গণনার সময় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর কারাগারের ভেতরে একাধিক দফা তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মামলার পর পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।
কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
কারা কর্তৃপক্ষ বলছে, পলাতক বন্দীকে দ্রুত আটক করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্ত শেষ হলে পালানোর প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো দুর্বলতা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
✍️ মন্তব্য লিখুন