আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শুক্রবার তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সফরকালে ইরানের শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির সংকট এবং সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক নেতৃত্ব উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সমঝোতার পথ খুঁজছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, ইরান ইস্যুতে আলোচনায় “কিছুটা অগ্রগতি” হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদ এখন একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে।
✍️ মন্তব্য লিখুন