অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৩৪ PM
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী জাতীয় বাজেটেই নতুন বেতন কাঠামোর জন্য প্রাথমিক বরাদ্দ রাখা হতে পারে।
তবে এক ধাপে পুরো সুবিধা কার্যকর না করে তিন ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিপুল অর্থের সংস্থান নিশ্চিত করতেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের স্পষ্ট নির্দেশনা দেন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, “আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কার্যকর করার নির্দেশনা এসেছে। এখন বাস্তবায়ন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।”
তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে মোট প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে। পাশাপাশি পেনশন খাতে অতিরিক্ত প্রয়োজন হবে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়।
এ পরিস্থিতিতে সরকার ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে। প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এই ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি করা হবে। পরবর্তী অর্থবছরগুলোতে ধীরে ধীরে পূর্ণ সুবিধা কার্যকর করা হবে।
পরিকল্পনা অনুযায়ী—
২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপের বেতন বৃদ্ধি,
২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয়,
এবং ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য আর্থিক সুবিধা শতভাগ কার্যকর করা হতে পারে।
২৩ লাখ মানুষ পাবেন সুবিধা
নতুন পে-কমিশনের আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী আর্থিক সুবিধা পাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত কাঠামো নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত পর্যালোচনাও চলছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বাড়তে পারে
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
তবে এসব এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। সরকারিভাবে গেজেট বা প্রজ্ঞাপন জারি হলে আগামী জুলাই থেকেই তা কার্যকর হতে পারে।
আগামী ৭ জুন শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে নতুন পে-স্কেলের কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হতে পারে।
✍️ মন্তব্য লিখুন