ঈদুল আজহাকে সামনে রেখে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এপ্রিল মাসের বেতন ছাড়ের পর এবার ঈদ বোনাসের চেক ছাড়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে বোনাসের চেক পাঠানো হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঈদ বোনাস সংক্রান্ত ফাইল বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে রয়েছে। বৃহস্পতিবারই চেক ছাড়ের অফিস আদেশ জারি হওয়ার কথা রয়েছে। এরপর রোববার বাংলাদেশ ব্যাংকে চেক পাঠানো হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে চেক ছাড় কার্যক্রম সম্পন্ন হতে পারে। পরে বিষয়টি অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে বোনাসের অর্থ হাতে পেলে শিক্ষক-কর্মচারীরা পরিবার নিয়ে স্বস্তিতে উৎসবের প্রস্তুতি নিতে পারবেন। দীর্ঘদিন ধরে বোনাসের অপেক্ষায় থাকা অনেকের মধ্যেই এ ঘোষণায় স্বস্তি ফিরেছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে ৫ হাজার ৭৬৭টি, আলিম ১ হাজার ২৮৫টি, ফাজিল ৯৯৩টি এবং কামিল পর্যায়ের মাদ্রাসা ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি উৎসব ভাতা সময়মতো পরিশোধ হলে শিক্ষক-কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা কমবে এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
✍️ মন্তব্য লিখুন