প্রাণ কুমার রায়, ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা, ১২ এপ্রিল ২০২৬
আসন্ন জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। এরই মধ্যে ভোলা জেলার রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মেহেরুন । তিনি সম্প্রতি নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম আহ্বায়ক সদস্য মোঃ আহসানুর সাগর বলেন, মেহেরুন আপু তার রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন ছাত্ররাজনীতির মাধ্যমে। শিক্ষাজীবনে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি নেতৃত্বের দক্ষতা অর্জন করেন। ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা মেহেরুন আপু এবার কেন্দ্রীয় রাজনীতিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বিশেষ করে নারী নেতৃত্বের বিকাশে তার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।
মেহেরুন গণমাধ্যমকে বলেন, “ছাত্ররাজনীতি থেকেই আমি নেতৃত্ব, দায়িত্ববোধ এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। নারী সমাজের উন্নয়ন, শিক্ষা ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”
বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে নারী সংরক্ষিত আসনে প্রার্থীদের ক্ষেত্রে শুধু আনুগত্য নয়, বরং তাদের রাজনৈতিক পটভূমি, নেতৃত্বের অভিজ্ঞতা এবং নীতিগত অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেত্রীদের মধ্যে অনেকেই ইতোমধ্যে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন, ফলে মেহেরুন মতো প্রার্থীরা নতুন সম্ভাবনা তৈরি করতে পারেন।
উল্লেখ্য, নারী সংরক্ষিত আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু করেছে। মনোনয়নপত্র সংগ্রহের পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তাই শেষ পর্যন্ত মনোনয়ন কার ঝুলিতে যাচ্ছে, তা নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের ওপর।