জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে এক সহায়ক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ।
ভুক্তভোগী কর্মচারী নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় তাকে চড়-থাপ্পড়, লাথি এবং চেয়ার দিয়ে মারধর করা হয়। তিনি জানান, “আমার চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মার খেতে হলো।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জকসুর এজিএস মাসুদ রানা বলেন, তিনি দূর থেকে দেখেছেন অভিযুক্ত নেতা নিজাম উদ্দিনকে মারধর করছেন এবং পরে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
নিজাম উদ্দিন আরও অভিযোগ করেন, এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং ক্যাম্পাসে না আসতে বলা হয়েছিল। তিনি বলেন, “আমাকে আওয়ামী লীগের দোসর বলে অপবাদ দেওয়া হয়। আমি একজন কর্মচারী, যে দায়িত্বে আসবে, তার অধীনেই কাজ করতে হয়।”
এ ঘটনায় সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এমন ঘটনা দুঃখজনক এবং নজিরবিহীন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাফর আহমেদ। তার দাবি, “মারধরের ঘটনা সত্য নয়। আগে আমাদের মিছিলে হামলার ঘটনায় ক্ষোভ ছিল। গতকাল ভিসি দপ্তরে যাওয়ার সময় সামান্য কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে।”
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
✍️ মন্তব্য লিখুন