নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর খিলগাঁওয়ে অপহরণের শিকার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ঘটনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত নির্দেশনা দেওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালায়।
অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল–এর নবম শ্রেণির ছাত্র। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।
যেভাবে অপহরণ
অভিযানে নেতৃত্ব দেওয়া মাসুদ আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ওই শিক্ষার্থীকে জোর করে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার নম্বরে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সন্তানের অপহরণের খবর পেয়ে শিক্ষার্থীর বাবা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ জানায়, নির্দেশ পাওয়ার পর তারা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয় এবং কোন নম্বরে অর্থ পাঠাতে হবে তা জানতে চাওয়া হয়। একপর্যায়ে দরকষাকষির মাধ্যমে মুক্তিপণের অঙ্ক ৫০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায় নেমে আসে।
অভিযানে উদ্ধার
মুক্তিপণ নিয়ে কথোপকথনের মধ্যেই প্রযুক্তিগত সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে নির্মাণাধীন ভবনটিতে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, দ্রুত তথ্য দেওয়া এবং তাৎক্ষণিক সমন্বিত পদক্ষেপের ফলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শিক্ষার্থী বর্তমানে নিরাপদ রয়েছে।
✍️ মন্তব্য লিখুন