কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ ও মাহী পাটোয়ারী। তাঁরা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁরও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে তাঁদের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, শৈশব থেকেই তাঁরা একসঙ্গে বেড়ে উঠেছিলেন। ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
✍️ মন্তব্য লিখুন