নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডি ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়ন করতে হবে। বর্তমানে এনআইডি নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় নাগরিকদের নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য ও ছবি হালনাগাদ করা হবে। একই সঙ্গে এনআইডি নবায়ন এবং এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় কী কী তথ্য দিতে হবে, তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব সেবার জন্য নির্ধারিত ফিও থাকবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে একই তথ্য ও ছবি ব্যবহারের কারণে পরিচয় যাচাই, সরকারি সেবা গ্রহণ এবং জালিয়াতি প্রতিরোধে নানা সমস্যা দেখা দিচ্ছে। বাধ্যতামূলক নবায়নের মাধ্যমে নাগরিকদের তথ্য আরও নির্ভুল ও হালনাগাদ থাকবে, যা স্মার্ট ও নিরাপদ এনআইডি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।
তবে এই সিদ্ধান্ত এখনও আইন সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে। সংশোধিত আইন কার্যকর হওয়ার পর ১৫ বছর পূর্ণ হওয়া এনআইডিধারীদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা ও ফি সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন পরে প্রকাশ করবে।
✍️ মন্তব্য লিখুন