বাংলাদেশে শিক্ষা, কারিগরি শিক্ষা (টিভিইটি) এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে উভয় পক্ষ শিক্ষা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সিঙ্গাপুরের প্রতিনিধিরা এ খাতে নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ সরকার শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে কারিগরি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
বৈঠকে ভবিষ্যতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং সম্ভাব্য যৌথ কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। দুই দেশই পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে।
✍️ মন্তব্য লিখুন