জাতীয় ডেস্ক
দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মোজাফফর হোসেনকে বিশেষ অভিযানে আটক করা হয়। পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। পরবর্তী সময়ে সামরিক আদালতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার হয় এবং একাধিক আসামির বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়। তবে মামলার কয়েকজন দণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
✍️ মন্তব্য লিখুন