নিজস্ব প্রতিবেদক | মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলায় এক শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮) গ্রেপ্তার হয়েছেন। র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (১৯ জুলাই) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আত্মগোপনে থাকা মিলন মোল্লাকে আটক করা হয়। তিনি কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে কয়েক দিন আগে চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ঘটনার পর আহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মোল্লাকে প্রধান আসামি করা হয়। অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
কালকিনি থানার পুলিশ জানিয়েছে, শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
✍️ মন্তব্য লিখুন