মাদারীপুর প্রতিনিধি
ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দল স্পেনের ফাইনালে ওঠার আনন্দ উদযাপনে স্থানীয় ও প্রবাসী সমর্থকদের উদ্যোগে প্রায় ১ লাখ ৯০ হাজার (প্রায় দুই লাখ) টাকা মূল্যের একটি মহিষ জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখারও ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, স্পেনপ্রবাসীদের অর্থায়নে এবং স্থানীয় উদ্যোক্তা আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছেন স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালামসহ স্থানীয় স্পেন সমর্থকেরা।
জানা গেছে, বিশ্বকাপ শুরুর পর থেকেই কাদিরপুর এলাকায় স্পেনের পতাকা, ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়। দলটি ফাইনালে ওঠার পর সেই উচ্ছ্বাস আরও বেড়ে যায়। ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের মহিষ কেনা হয়েছে। এতে প্রায় ছয় মণ মাংস পাওয়া গেছে, যা দিয়ে স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমীদের আপ্যায়নের আয়োজন করা হয়েছে।
স্থানীয় স্পেন সমর্থকদের ভাষ্য, এটি শুধু নিজেদের দলের সমর্থকদের জন্য নয়; বরং ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত করার লক্ষ্যেই এ আয়োজন। তাই আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও ভূরিভোজে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে পারেন।
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, প্রবাসী ও স্থানীয় সমর্থকদের সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন সম্ভব হয়েছে। তাদের প্রত্যাশা, ফাইনালে জয় তুলে নিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
✍️ মন্তব্য লিখুন