নিজস্ব প্রতিবেদক
আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রোববার রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘Scam Center Compounds and Transnational Organized Crime’ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড, সাইবার জালিয়াতি এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং যৌথ উদ্যোগ জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে বাংলাদেশের আইজিপি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য আদান-প্রদান, সীমান্তপারের অপরাধ দমন এবং ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণ শেষে আইজিপির আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অপরাধ দমন, বিশেষ করে সাইবার প্রতারণা ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
✍️ মন্তব্য লিখুন