ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি মসজিদে টানা অর্ধশতাব্দী ইমামতির দায়িত্ব পালন শেষে ৯৫ বছর বয়সী প্রবীণ আলেম মাওলানা শামসুল হক মিয়াজীকে ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনে বিদায় জানিয়েছেন এলাকাবাসী। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার জুমার নামাজের পর মধ্যম শিলুয়া রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা মাওলানা শামসুল হক মিয়াজীর নিষ্ঠা, সততা এবং ধর্মীয় শিক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সজ্জিত একটি ঘোড়ার গাড়িতে করে প্রবীণ এই ইমামকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়া হয়। পথে পথে স্থানীয় বাসিন্দারা তাঁকে শুভেচ্ছা জানান এবং সম্মান প্রদর্শন করেন। এ সময় অনেকের চোখে ছিল আবেগের অশ্রু।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ৫০ বছর ধরে তিনি একই মসজিদে ইমামতি, জুমার খুতবা, দ্বীনি শিক্ষা এবং সামাজিক নেতৃত্ব দিয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। বয়সজনিত কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। তাঁর সম্মানে আজীবন সম্মানী বা পেনশন দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিদায় অনুষ্ঠানে স্থানীয়রা বলেন, মাওলানা শামসুল হক মিয়াজী শুধু একজন ইমাম নন, তিনি ছিলেন এলাকার অভিভাবক ও নৈতিক পথপ্রদর্শক। তাঁর দীর্ঘ সেবার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ ব্যতিক্রমী বিদায়ের আয়োজন করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন