নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা–মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন স্বাধীন (১৯) ও নাফিস (২২)। তারা দুজনই শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি শিবপুর উপজেলার বাদুয়ারচর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষার্থী। পথে বাজনাব এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কলেজের শিক্ষার্থীরাও আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
শিবপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট যানবাহন জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন