নাটোর প্রতিনিধি |
নাটোরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. স্বাধীন হোসেন (২২)। তিনি একটি মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউসে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেন পরিচালনার জন্য তাকে নগদ ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং হিসাবে আরও ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়।
পরে স্বাধীন দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণে ছিনতাইয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত স্বীকার করেন যে, জুয়া খেলে অর্থ হারানোর পর সেই ঘটনা গোপন করতে তিনি ছিনতাইয়ের সাজানো গল্প তৈরি করেছিলেন। তদন্তকারীদের মতে, আত্মসাৎ করা অর্থ আড়াল করতেই তিনি এমন কৌশল নিয়েছিলেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের বিজনেস ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন