২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ PM
চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে এবং এটি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীনতারই প্রতিফলন।
শনিবার (২৫ এপ্রিল) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে প্রশ্ন ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। দলটির দাবি, প্রশাসনের এই উদাসীনতা অব্যাহত থাকলে শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
এনসিপি আরও অভিযোগ করে জানায়, শিক্ষা প্রশাসনের মূল দায়িত্ব পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলেও এ বিষয়ে কার্যকর তদারকি দেখা যাচ্ছে না। তাদের মতে, প্রশাসনিক দুর্বলতার কারণে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে এবং এটি অবিলম্বে বন্ধ করা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে, শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে এখনো প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
✍️ মন্তব্য লিখুন