পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬
ঈদকে সামনে রেখে কেনাকাটার ভিড়ের মধ্যে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত এক পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনাটি পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে ঘটেছিল এবং সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রোববার (১৫ মার্চ) র্যাব-১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ মার্চ পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে বোদা পৌর মার্কেটে যান হবিবর রহমান (৫০)। তিনি কাপড় দেখার সময় পাঞ্জাবির পকেটে থাকা ১৩ হাজার টাকা মুহূর্তের মধ্যে কৌশলে বের করে নেয় এক পকেটমার। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে তিনি দেখেন, টাকা নেই। এতে বাধ্য হয়ে সেখানেই ঈদের কেনাকাটা বন্ধ করে দিতে হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে হতাশা নেমে আসে।
ঘটনার পুরো দৃশ্যটি মার্কেটের একটি দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
এরপর অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে অভিযান শুরু করে র্যাব। র্যাব-১৩ নীলফামারীর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে শনিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে চুরি করা সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমারি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঈদকে সামনে রেখে জনবহুল বাজার ও শপিংমলে কেনাকাটার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন