প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:০৭ PM
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (৮ মার্চ) রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমত, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সময় পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যেসব পরীক্ষা পূর্বনির্ধারিত রয়েছে, সেগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
দ্বিতীয়ত, বাংলা ও ইংলিশ মিডিয়াম—উভয় ধারার শিক্ষার্থীদের জন্য পরিচালিত সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।
তৃতীয়ত, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রমজান মাসে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদের ছুটির সময় শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন