নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
দেশে সবজি অপচয় কমানো এবং বেকারি পণ্যে পুষ্টিমান বৃদ্ধি করে আমদানি নির্ভরতা হ্রাসের লক্ষ্যে তিন বছর মেয়াদি একটি গবেষণা প্রকল্প শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ (বাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ এই গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালার মাধ্যমে ‘ভেজিটেবল ফ্লেক্স ফর বেকড প্রোডাক্টস ফর্টিফিকেশন: বিএইউ-আইএফএডি কোলাবোরেশন ফর ইটস ইমপ্রুভমেন্ট অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকল্পটি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) কর্মসূচির আওতায় পরিচালিত হবে।
আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনে জোর
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাব-প্রজেক্ট ম্যানেজার ও অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। তিনি জানান, দেশে প্রতিবছর শুধু বেকারি পণ্যে ব্যবহারের জন্য প্রায় ১০০ মেট্রিক টন সবজি ফ্লেক্স আমদানি করতে হয়। অথচ মৌসুমে বিপুল পরিমাণ পুষ্টিকর সবজি উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সীমাবদ্ধতায় এর একটি বড় অংশ অপচয় হয়।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উদ্বৃত্ত সবজি শুকিয়ে ফ্লেক্স বা গুঁড়ায় রূপান্তর করা গেলে তা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। পরবর্তীতে রুটি, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যে এসব ফ্লেক্স সংযোজন করে ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাদ্য উৎপাদন করা যাবে। এতে একদিকে যেমন পুষ্টিহীনতা মোকাবিলায় সহায়তা মিলবে, অন্যদিকে দেশীয় কৃষিপণ্যে মূল্য সংযোজন হবে।
প্রযুক্তি উদ্ভাবন থেকে বাজারজাতকরণ
গবেষণা প্রকল্পের আওতায় উপযোগী সবজি নির্বাচন, মানসম্মত প্রক্রিয়াজাত প্রযুক্তি উন্নয়ন, পুষ্টিগুণ বিশ্লেষণ এবং বেকারি পণ্যে ভোক্তা গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে শিল্পখাতে প্রযুক্তি হস্তান্তর এবং বাজারজাতকরণ কৌশল প্রণয়ন করা হবে।
বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা এবং ইফাদ মাল্টি প্রডাক্ট লিমিটেড-এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন মন্ডল।
গবেষণায় গুরুত্বারোপ
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণাই প্রধান চালিকাশক্তি। মানসম্মত ও পরিশ্রমনির্ভর গবেষণা সম্পন্ন করে সর্বোচ্চ বাজেট আহরণে সক্ষম গবেষকদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গবেষণাকে কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখলে চলবে না; তা শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষাদান ও পরীক্ষার কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, গবেষণাটি সফল হলে দেশে সবজি সংরক্ষণ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পুষ্টিসমৃদ্ধ বেকারি পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষক ও উদ্যোক্তা—উভয়ই উপকৃত হবেন।
✍️ মন্তব্য লিখুন