নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
অফিস শৃঙ্খলা জোরদার ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, বিলম্বে অফিসে উপস্থিত হওয়া বা অফিস সময় শেষ হওয়ার আগে দপ্তর ত্যাগ করা অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় অনুসরণ করতে হবে।
অফিস চলাকালে দাফতরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধান—রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালার তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।
এছাড়া বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, বিলম্বে অফিসে এলে বা নির্ধারিত সময়ের আগে দপ্তর ত্যাগ করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনা বাস্তবায়িত হলে দাফতরিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।
✍️ মন্তব্য লিখুন