নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো তাঁরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগের উপসচিব জামিলা শবনম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পান এবং তাঁরাও নবম পে-স্কেলের আওতায় থাকছেন।
এর আগে সোমবার মন্ত্রিসভা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেয়। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, সে সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরদিন শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। তিনি তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ তথ্য জানান।
বর্তমানে দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় আনার সিদ্ধান্তে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি চাকরিজীবীদের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামোর সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।
তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া এবং এ বিষয়ে পৃথক কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
✍️ মন্তব্য লিখুন