পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এ. বি. এম. হাবিবুর রহমান এবং বড় ভাই মো. মামুনের বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমির একটি অংশ দখল করে সেখানে রাস্তা নির্মাণ করা হয় এবং বাধা দিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখানো ও অর্থ দাবি করা হয়। বাদীপক্ষের দাবি, এ ঘটনায় বিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।
এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ করেছিল। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের দীর্ঘদিনের দখলে থাকা জমির ওপর রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
তবে নুরুজ্জামান কাফি সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত উত্তরাধিকারীদের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয়ের বায়না করেছেন এবং সেই জমির ওপরই রাস্তা নির্মাণ করা হয়েছে। তাঁর ভাষ্য, এটি কোনো জমি দখলের ঘটনা নয়; বরং রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে।
মামলার তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন